প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
বল প্রয়োগে 'ফ্যাসিবাদী', না করলে 'দুর্বল': দূরত্ব গুছিয়ে জনবান্ধব পুলিশ গড়ার জোর আইজিপির
খুলনা : আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে 'ফ্যাসিবাদী' বলা হয়, আবার বল প্রয়োগ না করলে জনগণ 'দুর্বল' মনে করে—এ ধরনের পরিস্থিতি নিরসন এবং জনগণের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব গুছিয়ে একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে চাঁদাবাজির মতো অপরাধ দমনে নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মিডিয়া ব্রিফিংকালে আইজিপি এসব কথা বলেন। সাংবাদিকদের আইজিপি জানান, বিগত ১৭ বছরে পুলিশ বাহিনীর কার্যক্রমের কারণে জনগণের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করে জনআস্থা পুনরুদ্ধার করাই তাদের মূল লক্ষ্য। কমিউনিটি পুলিশিং এখন থেকে আইনি কাঠামোর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের একটি শাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করবে। চাঁদাবাজি প্রসঙ্গে আইজিপি বলেন, "চাঁদাবাজির পেছনে সমাজের প্রভাবশালী ব্যক্তি বা সন্ত্রাসীদের হাত থাকে, যার কারণে ভয়ে সাধারণ মানুষ সাক্ষ্য বা অভিযোগ দিতে চায় না।" তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে একটি নতুন আইন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে। যাতে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পুলিশ নিজেরাই উদ্যোগী হয়ে মামলা ও আইনি ব্যবস্থা নিতে পারে। খুব শীঘ্রই এই নতুন আইন কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিগত ১৭ বছরে সমাজে মাদক এক প্রকার স্বীকৃতি পেয়ে গেছে উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশজুড়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কঠোরভাবে দমনে নীতিগত পরিবর্তন বা 'পলিসি ডেভেলপমেন্ট'-এর কাজ চলছে। ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে মো. আলী হোসেন ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন অনেক উন্নতি হয়েছে। রাতারাতি সকল সমস্যার সমাধান না হলেও পুলিশ এখন পুরোপুরি সচল ও তৎপর। জনসাধারণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, "পুলিশকে ভয় পাওয়ার বিষয় নয়, পুলিশকে সহযোগিতা ও পরামর্শ দিন। আমরা একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করতে চাই। সমাজকে অপরাধ, দুর্নীতি ও মাদকমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশের পাশে দাঁড়াতে হবে
দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ |